Views Bangladesh Logo

বাংলাদেশের উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে নিতে হবে। একই সঙ্গে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাসের সম্ভাব্য মজুত অনুসন্ধান ও উত্তোলনে ইতালির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, অভিবাসন, রোহিঙ্গা সংকট ও সংসদীয় যোগাযোগসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

সাক্ষাতে স্পিকার বলেন, ১৯৭২ সালে বাংলাদেশকে ইতালির স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের আনুষ্ঠানিক সম্পর্কের সূচনা হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। বাংলাদেশি অভিবাসীদের জন্য ইতালির সহযোগিতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বাংলাদেশি পণ্যের অন্যতম বড় বাজার ইতালি।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার মাধ্যমে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কও জোরদার হচ্ছে। নিরাপদ ও বৈধ অভিবাসনের ক্ষেত্রেও ইতালির সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে ইতালি যে আর্থিক সহায়তা দিয়ে আসছে, তারও প্রশংসা করেন স্পিকার।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গে স্পিকার বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ইতালি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। দেশটির বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও মেশিনারি বাংলাদেশের বাজারে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতালি সমর্থন দিয়ে আসছে। দুই দেশের সংসদের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও জোরদারে ইতালির আগ্রহ রয়েছে। তিনি জানান, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও সিরামিকসহ বিভিন্ন পণ্য নিয়মিত ইতালিতে রপ্তানি হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে আলোচনা হয়। এ সময় উপকূলীয় এলাকায় থাকা সম্ভাব্য তেল ও গ্যাসসম্পদ অনুসন্ধান ও উত্তোলনে ইতালির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান স্পিকার।

সাক্ষাতে ইতালির দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ