কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো শোকবার্তা দেশটির বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ জুলাই) দোহার লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি এ শোকবার্তা তুলে দেন। বুধবার কাতারে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, স্পিকার সাবেক আমিরের মৃত্যুতে বর্তমান আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানির দূরদর্শী নেতৃত্ব এবং বাংলাদেশ-কাতার সম্পর্ক জোরদারে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্পিকার।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খান উপস্থিত ছিলেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যুতে বাংলাদেশ সরকার ১৫ জুলাই রাষ্ট্রীয় শোক পালন করে। এর অংশ হিসেবে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এর আগে সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে স্পিকার সংক্ষিপ্ত সরকারি সফরে মঙ্গলবার দোহায় পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি বুধবার কাতারে বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন।
মতামত দিন