খামেনির শেষকৃত্যে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ইরান সরকারের আমন্ত্রণে তার তেহরান সফরের তথ্য জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন।
তিনি একটি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে স্পিকার যাবেন বলে ‘সিদ্ধান্ত হয়েছে’। এখন ভিসা গ্রহণসহ বিস্তারিত সফরসূচি ঠিক করা হবে।
আলি খামেনির শেষকৃত্যের আয়োজন ৪ জুলাই তেহরানে শুরু হবে বলে জানিয়েছে ইরান সরকার। রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
মার্চে এই শেষকৃত্যের আয়োজনের পরিকল্পনা করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতে থাকায় তা স্থগিত করা হয়েছিল।
তিনদিনের এই শেষকৃত্যের আয়োজন হবে তেহরান ও কওম নগরীতে; কওমে শেষকৃত্যের আয়োজন শুরু হবে ৭ জুলাই।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসকগোষ্ঠীর পতন ঘটানোর ঘোষণা দিয়ে দেশটিতে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার প্রথম দিনই নিজ বাসভবনে নিহত হন ৮৬ বছর বয়সি আলি খামেনি।
ইরানি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালের শেষ দিক থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছিলেন আলি খামেনি।
মতামত দিন