Views Bangladesh Logo

খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার তেহরানের গ্র্যান্ড মাসাল্লা ধর্মীয় প্রাঙ্গণে আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে তিনি খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।

শনিবার (৪ জুলাই) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে স্পিকার শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকবার্তা পৌঁছে দেন। পাশাপাশি তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মহামান্য আয়াতুল্লাহ আলি খামেনির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন। খামেনিকে নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়েছেন তিনি।’

ইরানে শুক্রবার থেকে শুরু হয়েছে খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। দেশটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রথম দিনে (২৮ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে নিহত হন তিনি। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘‘বৈঠকে ইরান ও বাংলাদেশের মধ্যে ‘কয়েক শতাব্দীর বন্ধুত্ব’ এবং দুই দেশের মধ্যে ‘গভীর সাংস্কৃতিক ও মানুষে মানুষে বন্ধনের’ কথাও তুলে ধরেছেন স্পিকার হাফিজ উদ্দিন।’’

সফরসূচির অংশ হিসেবে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গেও এক দ্বিপক্ষীয় বৈঠক করেন স্পিকার। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ