ই-পার্লামেন্ট বাস্তবায়নে কমিটি গঠন করলেন স্পিকার
একটি পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সংসদ গঠনের লক্ষ্যে ‘ই-পার্লামেন্ট’ ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ।
রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন।
সাক্ষাৎকালে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ই-পার্লামেন্ট ব্যবস্থা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রস্তাবিত সিস্টেমে বাংলা ও ইংরেজি ভাষার সংস্করণ থাকবে, যা সংসদীয় নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও আদান-প্রদানকে আরও সহজ, দ্রুত ও দক্ষ করবে।
ই-পার্লামেন্ট বাস্তবায়নে ডেপুটি স্পিকারকে প্রধান করে একটি কমিটি গঠনের নির্দেশ দেন স্পিকার। এই কমিটি প্রস্তাবিত ব্যবস্থার কাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া, প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামোসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।
চলতি মাসের শেষভাগে ই-পার্লামেন্ট ব্যবস্থার কার্যপদ্ধতি, প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনাসহ সার্বিক বিষয়ে একটি প্রেজেন্টেশন আয়োজনেরও নির্দেশ দেন স্পিকার।
বৈঠকে জানানো হয়, ই-পার্লামেন্ট চালু হলে বিভিন্ন ডিজিটাল প্রক্রিয়ায় সংসদীয় কার্যক্রম পরিচালিত হবে, যা কাগজের ব্যবহার কমানোর পাশাপাশি সময় ও প্রশাসনিক ব্যয় কমাবে। এটি সংসদীয় পরিচালনায় স্বচ্ছতা, দক্ষতা ও সমন্বয় বাড়াতেও বড় ভূমিকা রাখবে।
প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতার জন্য ইউএনডিপি, বিভিন্ন দাতা দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক সংসদ গঠনে সময়োপযোগী এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন