Views Bangladesh Logo

‘রাষ্ট্রপতির পদত্যাগ’ ইস্যুতে বিকেল ৫টায় স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে জোরালো আলোচনার মধ্যেই আজ শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সংবাদ সম্মেলন থেকে রাষ্ট্রপতির পদত্যাগ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত থাকবেন।

এর আগে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই থাইল্যান্ড থেকে দেশে ফেরেন স্পিকার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি অবগত নন।

স্পিকার বলেন, ‘রাষ্ট্রপতি কী করবেন বা না করবেন, সেটি আমি জানি না। আমি দেশের বাইরে ছিলাম। এখানে কী হয়েছে, সে বিষয়ে আমার কোনো তথ্য নেই।’

তবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে—এ প্রশ্নের জবাবে তিনি সংবিধান অনুযায়ী প্রক্রিয়া ব্যাখ্যা করেন। তাঁর ভাষ্য, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এ সময় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

গত ১৯ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক যান স্পিকার। এ সময়েই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচনা তীব্র হয়। ফলে নির্ধারিত সময়ের আগেই তার দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনার জন্ম দেয়।

এরই মধ্যে বঙ্গভবনের একটি সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি বিদায়ের প্রস্তুতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। যদিও রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ