খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে দেশে ফিরলেন স্পিকার
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ইরানে চার দিনের সরকারি সফর শেষে রোববার (৫ জুলাই) রাত ১১টার দিকে স্পিকারকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গত ২ জুলাই খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরানের উদ্দেশে ঢাকা
ত্যাগ করেন তিনি।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি প্রয়াত এই ইরানি নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
সফরের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার।
এ সময় খামেনির প্রয়াণে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। এর পাশাপাশি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি চুক্তি বাস্তবায়নে গঠনমূলক ভূমিকা রাখায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের প্রশংসা করেন বাংলাদেশের স্পিকার। একই সঙ্গে সুবিধাজনক সময়ে তাকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এদিকে ইরানজুড়ে রাষ্ট্রীয় শোক পালন অব্যাহত রয়েছে। সর্বসাধারণের শেষ শ্রদ্ধা ও বিদায়ের জন্য আয়াতুল্লাহ খামেনির মরদেহ তেহরানের আজাদি স্কয়ারে রাখা হয়েছে, যেখানে লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে তার মরদেহ শোভাযাত্রা সহকারে অন্যান্য শহরে নিয়ে যাওয়া হবে।
১৯৩৯ সালের ১৯ এপ্রিল মাশহাদে জন্মগ্রহণ করা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রথম দিনে নিহত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
মতামত দিন