সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে মন্ত্রীকে স্টাডি করার পরামর্শ স্পিকারের
জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ভবিষ্যতে সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় ভালোভাবে পর্যালোচনা করার পরামর্শ দেন।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ প্রসঙ্গে সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন স্পিকার।
অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর পূর্বের একটি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, মন্ত্রী সংসদে আশ্বাস দিয়েছিলেন যে ১ মে’র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার এক মাসেরও বেশি সময় পরও সেই সংযোগ দেওয়া হয়নি।
এর জবাবে মন্ত্রী দেশে গ্যাসের সংকটের কথা উল্লেখ করে বলেন, বর্তমানে সার কারখানার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে হচ্ছে। গ্যাসের সীমিত সরবরাহের কারণে আশুগঞ্জ সার কারখানায় সংযোগ দেওয়া সম্ভব হয়নি।
মন্ত্রী আরও দাবি করেন, গত ১৭ বছরে কোনো গ্যাস কূপ খনন করা হয়নি এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে খনন কার্যক্রম শুরু করেছে। ভবিষ্যতে নতুন গ্যাস পাওয়া গেলে আশুগঞ্জ সার কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার তাকে আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আপনি সংসদে বলেছিলেন নির্দিষ্ট তারিখ থেকে গ্যাস যাবে, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
এ সময় স্পিকার মন্ত্রীদের উদ্দেশে বলেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ড্রিলিং, সরবরাহ সক্ষমতা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় ভালোভাবে যাচাই-বাছাই করে নেওয়া উচিত, যাতে পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সমস্যা না হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে