Views Bangladesh Logo

মেসির তিন দিন পরই অবসরে বিশ্বচ্যাম্পিয়ন মার্কোস লরিয়েন্তে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর এবার স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্কোস লরিয়েন্তেও জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় স্পেনের জার্সিকে বিদায় জানান এই তারকা।

নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে লরিয়েন্তে বলেন, অনেক চিন্তাভাবনার পরই জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বয়স এখনো কম হওয়ায় চাইলে আরও কয়েক বছর স্পেনের হয়ে খেলার সুযোগ ছিল বলেও স্বীকার করেছেন। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে নিজের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।

গত ১৯ জুলাই নিউজার্সিতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। এটি স্প্যানিশদের দ্বিতীয় বিশ্বকাপ জয়। ফাইনালে লরিয়েন্তে মাঠে নামার সুযোগ না পেলেও শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন এবং একটি অ্যাসিস্ট করেছেন।

তবে বিশ্বকাপে যাওয়া কিংবা শিরোপা জয়ের সঙ্গে অবসরের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন লরিয়েন্তে। তার দাবি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত তিনি আগেই নিয়ে রেখেছিলেন। এমনকি স্পেন বিশ্বকাপ জিতবে কি না, সেটিও তার সিদ্ধান্ত পরিবর্তনের কারণ ছিল না।

বিদায়ী বার্তায় সতীর্থ ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্প্যানিশ তারকা। জাতীয় দলের হয়ে কাটানো সময়ের অভিজ্ঞতা ও স্মৃতিগুলো সারাজীবন মনে রাখবেন জানিয়ে তিনি বিশেষভাবে বিশ্বকাপের শেষ ৫২ দিনের কথা উল্লেখ করেন। শিরোপা জয়ের লক্ষ্যে সতীর্থদের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার প্রশংসাও করেন তিনি।

২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্পেনের জাতীয় দলের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন লরিয়েন্তে। গোলের দেখা না পেলেও সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছেন তিনি। বিশ্বকাপই স্পেনের জার্সিতে তার একমাত্র আন্তর্জাতিক শিরোপা হয়ে থাকল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ