Views Bangladesh Logo

‘স্পেনই ছিল যোগ্য চ্যাম্পিয়ন’, ফাইনাল নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার ভিডিও বিশ্লেষক

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়লেও শুরু থেকেই তা উড়িয়ে দিচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল। এবার এই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন দলের ভিডিও বিশ্লেষক ও কোচ লিওনেল স্কালোনির সহকারী মাতিয়াস মানা।

উর্বানা প্লে রেডিওর অনুষ্ঠান ‘ভুয়েলতা ই মিডিয়া’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মানা নিঃসংকোচে জানিয়ে দেন, ফাইনালে সেরা দল হিসেবেই জিতেছে স্পেন, তাদের এই জয় সম্পূর্ণ যৌক্তিক। পাশাপাশি ম্যাচ ঘিরে চাউর হওয়া যাবতীয় ষড়যন্ত্র তত্ত্বকেও নাকচ করে দেন তিনি।

মানা জানান, খেলার কৌশলগত দিক বিশ্লেষণের জন্য তিনি ফাইনালটি একাধিকবার দেখেছেন, তবে অতিরিক্ত সময়ের অংশটুকু ইচ্ছে করেই এড়িয়ে গেছেন; ২০২২ বিশ্বকাপের সময়ও যা করেছিলেন তিনি। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অতিরিক্ত সময়ে কৌশলের চেয়ে আবেগের প্রভাবই বেশি থাকে, আর তার কাজ যেহেতু কৌশলগত বিশ্লেষণ, তাই সেই জায়গা থেকে তিনি নিশ্চিত; পুরো ম্যাচেই আধিপত্য ছিল স্পেনের।

তবে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিলেও আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে গর্বের কথাই বলেছেন মানা। তার মতে, এই বিশ্বকাপে আক্রমণাত্মক ও পাসনির্ভর যে ফুটবল খেলে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, সেটিই দলটির আসল পরিচয়—আগামী দেড় দশকেও যেন তরুণ প্রজন্মের ফুটবলাররা এই দর্শন থেকে সরে না আসে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তার ভাষ্যমতে, বয়সভিত্তিক দলগুলোতেও এখন একই ঘরানার ফুটবল অনুশীলন করানো হচ্ছে।

সার্বিক বিশ্বকাপ অভিযান প্রসঙ্গে মানা বলেন, স্কালোনির নেতৃত্বাধীন কোচিং স্টাফ ও খেলোয়াড়রা সাধ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন। ফলাফল নিয়ে আক্ষেপ থাকলেও পরিশ্রম বা প্রতিশ্রুতিতে কোনো কমতি ছিল না বলেই মনে করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে তিনি বলেন, হারের পর এমন সন্দেহ-অবিশ্বাস নতুন কিছু নয়। বর্তমান ডিজিটাল যুগে প্রতিটি মুহূর্তই রেকর্ড হয়ে থাকে এবং তা প্রায়ই ভিন্নভাবে উপস্থাপিত হয়। তবে বাস্তবতা মেনে নেওয়ার পক্ষেই মত দেন মানা—মাঠে যা ঘটেছে, তা সত্য, আর যে দল সেদিন ভালো খেলেছে, তাদের কৃতিত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই শ্রেয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ