Views Bangladesh Logo

ওইয়ারসাবালের আঘাতে পিছিয়ে অস্ট্রিয়া, লিড নিয়ে বিরতিতে স্পেন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ বত্রিশে মুখোমুখি ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে দাপুটে ফুটবল উপহার দিয়ে বিরতিতে ১-০ গোলের লিড নিয়েছে স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধ জুড়ে বল দখলে আধিপত্য রাখলেও গোলের দেখা পেতে স্পেনকে অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত মার্ক কুকুরেয়ার সহায়তায় প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দলকে স্বস্তি এনে দিলেন মিকেল ওইয়ারসাবাল।

ম্যাচের ৩৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে বক্সের ভেতরে ঢুকে মাঝমাঠের দিকে বল বাড়ান স্পেনের লেফটব্যাক মার্ক কুকুরেয়া। ছুটে এসে বলের নাগাল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন রিয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় গোল এবং টুর্নামেন্টে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তিন নম্বর অবদান।

এর আগেও গোলের সুবাস পেয়েছিল স্পেন। ৩৪ মিনিটে লামিনে ইয়ামালকে খুঁজে নেয় একটি নিখুঁত থ্রু বল, তরুণ উইঙ্গার গোলরক্ষককে একা পেয়েও চিপ করার চেষ্টায় বল সামান্য উঁচু দিয়ে পাঠান বাইরে। এর কিছুক্ষণ আগে একটি কর্নার থেকে হেড করে বল জালে পাঠান কুকুরেয়া, তবে অস্ট্রিয়ার গোলরক্ষককে বাধা দেওয়ায় পাউ কুবার্সির বিরুদ্ধে ফাউলের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়ে যায়।

প্রথমার্ধ জুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল সম্পূর্ণভাবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের হাতে। টানা আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণকে ব্যতিব্যস্ত রাখলেও প্রথম ৩৫ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যেতে পারছিল না দলটি। বিপরীতে র‍্যালফ রাংনিকের অস্ট্রিয়া রক্ষণ সংগঠিত রেখে পাল্টা আক্রমণের অপেক্ষায় ছিল। ম্যাচের ১৭ মিনিটে মার্সেল সাবিৎসারের বাড়ানো ক্রসে মিশায়েল গ্রেগোরিচের হেড লক্ষ্যভ্রষ্ট হওয়াটাই ছিল অস্ট্রিয়ার সবচেয়ে বড় সুযোগ।

গ্রুপ পর্বে স্পেন ছিল সবচেয়ে শক্ত রক্ষণের অন্যতম দল। তিন ম্যাচে একটি গোলও হজম করেনি তারা, জাল অক্ষত রেখেই গ্রুপ 'এইচ'-এর শীর্ষে থেকে নকআউটে পা রাখে সৌদি আরবকে ৪-০ ও উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে, কেপ ভার্দের বিপক্ষে ড্র করে ০-০ ব্যবধানে। অন্যদিকে অস্ট্রিয়ার পথচলা ছিল নাটকীয়তায় ভরা; জর্ডানকে হারানোর পর আর্জেন্টিনার কাছে হার মেনে শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-৩ ব্যবধানে ড্র করে টিকিট কাটে নকআউটের, যেখানে সাসা কালাইজিচের ৯৬ মিনিটের গোল দলটিকে বাঁচিয়ে দেয়। ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিল অস্ট্রিয়া।

জয়ী দল শেষ ষোলোয় মুখোমুখি হবে পর্তুগাল অথবা ক্রোয়েশিয়ার বিজয়ীর, আগামী ৬ জুলাই ডালাস স্টেডিয়ামে। ২০১০ বিশ্বকাপ জয়ের পর থেকে নকআউট পর্বের কোনো ম্যাচ জিততে না পারার আক্ষেপ ঘোচানোর হাতছানি স্পেনের সামনে। অন্যদিকে অস্ট্রিয়ার সামনে সুযোগ ১৯৫৪ সালের সেমিফাইনালিস্ট হওয়ার পর ইতিহাসের সেরা অর্জনের কাছাকাছি পৌঁছানোর। ম্যাচ পরিচালনা করছেন সুইডিশ রেফারি গ্লেন নিবার্গ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ