চার গোলের লিডে স্পেন, সৌদির রক্ষণে ধস
সৌদি আরবের বিপক্ষে একতরফা ম্যাচ খেলছে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে লুইস দে লা ফুয়েন্তের দল।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় স্পেন। ১০ মিনিটে লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যাওয়ার পর ২১ ও ২৪ মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল। তিন গোলের লিড নিয়েই বিরতিতে যায় ইউরোপের দলটি।
বিরতি থেকে ফিরে ব্যবধান আরও বাড়ায় স্পেন। ৪৯ মিনিটে কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন সৌদি আরবের ডিফেন্ডার হাসান আল-তামবাক্তি। আত্মঘাতী ওই গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।
ম্যাচের প্রায় ৫৫ মিনিট পর্যন্ত স্পেন বল দখল ও আক্রমণে আধিপত্য বজায় রেখেছে। ইয়ামাল, ওয়ারজাবাল ও পেদ্রিদের দ্রুতগতির পাসিং এবং আক্রমণাত্মক ফুটবলের সামনে বারবার অসহায় দেখাচ্ছে সৌদি আরবকে।
উরুগুয়ের বিপক্ষে ড্র করা সৌদি আরব এ ম্যাচে এখনো কোনো উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে পারেনি। অন্যদিকে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সমালোচনার মুখে থাকা স্পেন দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে স্পেন শুধু জয়ের দিকেই নয়, বড় ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপে নিজেদের অবস্থানও আরও শক্ত করতে এগিয়ে যাচ্ছে।
মতামত দিন