বিশ্বকাপ জেতায় স্পেন পেল ৬১৫ কোটি টাকা
৪৮ দল নিয়ে আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। রোববার (১৯ জুলাই) রাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্প্যানিশরা।
বিশ্বকাপ শুরুর প্রায় দুই মাস আগেই প্রাইজমানি বা পুরস্কার মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছিল ফিফা। টুর্নামেন্টে অংশ নেওয়া কোনো দল যেন আর্থিক ক্ষতির মুখে না পড়ে, সে জন্যই এবার পুরষ্কারের অঙ্ক আরও ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়। সব মিলিয়ে অংশগ্রহণকারী ৪৮টি দলের জন্য মোট ৮৭ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা) প্রাইজমানি নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিশ্বকাপ জেতায় প্রাইজমানি হিসেবে মোট ৫ কোটি ডলার (বাংলাদেশি টাকায় ৬১৫ কোটি টাকা) পাচ্ছে স্পেন। অন্যদিকে রানার্সআপ আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৪০৬ কোটি টাকা।
এর আগে গত পরশু ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করা ইংল্যান্ডের পকেটে ঢুকবে ২ কোটি ৯০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫৭ কোটি টাকা)। আর চতুর্থ হয়ে বিশ্বকাপ মিশন শেষ করা ফ্রান্সের ঝুলিতে যাচ্ছে ২ কোটি ৭০ লাখ ডলার বা ৩৩২ কোটি টাকা।
এর বাইরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দলের প্রতিটি পাবে ১ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ২৩৩ কোটি টাকা)। আর শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দলের প্রত্যেকেই পাচ্ছে ১ কোটি ৫০ লাখ ডলার (১৮৪ কোটি টাকা) করে। এ ছাড়া শেষ ৩২ দলের পর্ব বা দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়া ১৬ দল ১ কোটি ১০ লাখ ডলার (১৩৫ কোটি টাকা) করে প্রাইজমানি পাচ্ছে।
এমনকি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর জন্য রাখা হয়েছে মোটা অঙ্কের আর্থিক সান্ত্বনা পুরস্কার। প্রথম পর্ব পার হতে না পারা প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার (প্রায় ১১০ কোটি টাকা)। কেবল টুর্নামেন্টের পারফরম্যান্সই নয়, বিশ্বকাপের শুরুতেই অংশগ্রহণকারী প্রতিটি দেশকে প্রস্তুতি, দলীয় আবাসন ও আনুষঙ্গিক খরচের পেছনে ১ কোটি ৫০ লাখ ডলার করে অগ্রিম প্রদান করেছিল ফিফা।
মতামত দিন