Views Bangladesh Logo

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা করলেন স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর জন্য সরকারের দ্রুত পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকার সরকারি অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করি, কিন্তু এমন দ্রুততা ও পরিষ্কার কর্মপরিকল্পনার অভিজ্ঞতা আমাদের আর কোথাও হয়নি। স্পেসএক্সের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সামনে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে আগ্রহী।’

স্পেসএক্স প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশে বর্ষা মৌসুমে বন্যা ও জলাবদ্ধতার কারণে যোগাযোগব্যবস্থা প্রায়ই ভেঙে পড়ে। এমন সময়ে নির্ভরযোগ্য প্রযুক্তিনির্ভর যোগাযোগ অপরিহার্য হয়ে ওঠে।’

তিনি জানান, বাংলাদেশের দুর্গম ও পাহাড়ি অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ এখনও সীমিত। ‘এইসব এলাকায় স্কুল, শিক্ষক বা চিকিৎসক নেই বললেই চলে। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর পরিকল্পনা নিয়েছি, যাতে শিক্ষার্থীরা বাড়ি ছেড়ে না গিয়ে নিজ এলাকাতেই শিক্ষা নিতে পারে,’ বলেন তিনি।

ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, ‘অনেক গর্ভবতী নারী চিকিৎসকের কাছে যেতে পারেন না। টেলিমেডিসিন থাকলে তারা বাড়িতে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। এই সেবা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদেরও সহায়তা করবে, যাদের অনেকে ভাষাগত কারণে বিদেশি চিকিৎসকদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না।’

অধ্যাপক ইউনূস বৈশ্বিকভাবে এই ডিজিটাল সেবা সম্প্রসারণে স্পেসএক্সের সহযোগিতা কামনা করেন। বলেন, ‘আমরা ছোট পরিসরে শুরু করছি, তবে আপনাদের সহায়তায় এই মডেলগুলো বিশ্বজুড়ে বাস্তবায়ন করা সম্ভব হবে।’

এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে লরেন ড্রেয়ার বলেন, ‘আপনার যেটা শুরু করেছেন, তা সারা বিশ্বের নেতাদের দেখানো উচিত। অধ্যাপক ইউনূস যদি বাংলাদেশে এটা করে দেখাতে পারেন, তবে অন্যরাও পারবেন।’

তিনি আরও বলেন, ‘সরাসরি নাগরিকদের কাছে জনসেবা পৌঁছে দেয়ার এই ধারণাটি অত্যন্ত শক্তিশালী। আমি অনেক দেশ ঘুরেছি এবং জানি দুর্নীতি কীভাবে শাসনব্যবস্থাকে দুর্বল করে। প্রযুক্তির মাধ্যমে সেবাকে বিকেন্দ্রীকরণ করার আপনার উদ্যোগ অত্যন্ত কার্যকর।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুউর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ