Views Bangladesh Logo

ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়ায় পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) এ এফ এম নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত। চলতি বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে পুলিশ সদর দপ্তর থেকে তিনি প্রস্থান করেন।

কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় Urine Benzo Diazepines (BZO) এবং Amphetamine/Methamphetamine Positive পাওয়া যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডোপ টেস্টের এই ফলাফল ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থি। ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী এটি অসদাচরণ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে একই বিধিমালার বিধি অনুযায়ী ৩১ আগস্ট থেকে পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বরখাস্ত থাকা অবস্থায় তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ