‘বর্ণবাদী আচরণে’র প্রতিবাদে রংপুরে এসপি কার্যালয় ঘেরাও
এক শিক্ষার্থীকে ‘কালো ছেলে’ বলে তুচ্ছতাচ্ছিল্য ও বর্ণবাদী আচরণের অভিযোগের প্রতিবাদে রংপুরে সড়ক অবরোধ ও পুলিশ সুপার (এসপি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে পাঁচ দফা দাবি জানিয়েছে তারা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা এক শিক্ষার্থীকে ‘কালো ছেলে’ বলে ব্যঙ্গ করেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে দুপুর ২টার দিকে শত শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে মিছিল বের করে।
মিছিলটি নগরীর প্রধান সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে—কালো ছেলে, কালো ছেলে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করে। সেখানে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন নিজেকে প্রতিষ্ঠানের হর্তাকর্তা পরিচয় দিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাদের মতামত উপেক্ষা করে দুই শিফটে স্কুল পরিচালনা এবং অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে প্রতিষ্ঠানটিকে ‘ব্যবসায়িক কেন্দ্রে’ পরিণত করার অভিযোগও তোলেন তারা।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—দুই শিফট বাতিল করে এক শিফট চালু করা, প্রশাসনের ‘সিন্ডিকেট’ বিলুপ্ত করা, ক্যানটিনে উন্নত মানের খাবার ও সহনীয় মূল্য নিশ্চিত করা, প্রতিষ্ঠানের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা এবং শিক্ষক-অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনার আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি থেকে সরে যান। তবে দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের কার্যালয়ে যোগাযোগ করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
মতামত দিন