দাম বাড়ল সয়াবিন তেলের
দেশের বাজারে সব ধরনের সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ৩ টাকা বাড়িয়ে ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের আগের দাম ১৬৬ টাকা বহাল রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মজুত, আমদানি ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের বর্তমান মজুত, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারের মূল্য পরিস্থিতি, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির হালনাগাদ চিত্র তুলে ধরা হয়। এসব তথ্য পর্যালোচনার পাশাপাশি বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি ও দেশের আমদানি ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর দেশে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে সে অনুযায়ী মূল্য সমন্বয় হয়নি।
এতে আমদানি ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখা ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে পড়ছে। আসন্ন রমজানে বাজারে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত ও সরবরাহ নিশ্চিত করতে আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের প্রস্তাব দেন তাঁরা।
এদিকে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে পণ্য মজুত কিংবা নির্ধারিত দামের বেশি মূল্যে ভোজ্যতেল বিক্রি করতে না পারে, সে বিষয়ে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সচিবের রুটিন দায়িত্বে থাকা খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন