Views Bangladesh Logo

দক্ষিণ কোরিয়ার ট্রিলিয়ন ডলারের চিপ-এআই মেগা প্রকল্প

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের আকাশচুম্বী চাহিদাকে কাজে লাগাতে চিপ ও এআই খাতে প্রায় ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়া।

দেশটির শীর্ষ চিপ নির্মাতাদের সঙ্গে যৌথভাবে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে বিবিসি।

প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার ‘থ্রি মেগা প্রজেক্টস’ বা তিনটি বড় প্রকল্পের অংশ, যার লক্ষ্য নতুন চিপ উৎপাদন কেন্দ্র, ডেটা সেন্টার ও রোবোটিক্স প্রযুক্তির বিকাশ ঘটানো।

সোমবার দেশটির প্রেসিডেন্ট লি জে-মিউং বলেছেন, রাজধানী সিউলের বাইরের বিভিন্ন অঞ্চলের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

এআইয়ের ব্যাপক প্রসারের কারণে বর্তমানে সেমিকন্ডাক্টরের চাহিদা ক্রমাগত বাড়ছে। তাইওয়ান, চীন ও জাপানের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা যখন চিপ কারখানা ও অন্যান্য প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে, ঠিক তখনই দক্ষিণ কোরিয়া এই বড় পদক্ষেপ নিল।

প্রেসিডেন্ট লি বলেন, ‘আমাদের অন্য যে কোনো দেশের চেয়ে দ্রুত এআইয়ের মূল উপাদানগুলো সুরক্ষিত করতে হবে। সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই ও এআই ডেটা সেন্টার—এই তিনটি বড় অগ্রযাত্রার মূল অক্ষ।’

দেশটির শীর্ষ দুই চিপ নির্মাতা কোম্পানি স্যামসাং ও এসকে হাইনিক্স-এর প্রধানদের নিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে এই পরিকল্পনার ঘোষণা দেন প্রেসিডেন্ট লি। কোম্পানি দুটি যৌথভাবে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একটি সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন হাব গড়ে তুলবে।

সিউলের বাইরে অন্যান্য এআই অবকাঠামো হাব বা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও ঘোষণা করেছেন প্রেসিডেন্ট লি। বর্তমানে দেশটির বেশিরভাগ উন্নত ও আধুনিক কারখানা সিউলেই কেন্দ্রীভূত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ