শেখ হাসিনার নেতৃত্বে গর্বিত হওয়া উচিত দক্ষিণ এশিয়ার নারীদের: মুর্মু
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুক্রবার দুপুরে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মঙ্গলবার দিবাগত রাতে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছান ড. হাছান মাহমুদ। সাক্ষাতে শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, দক্ষিণ এশিয়ার সকল নারীর তার (শেখ হাসিনা) ক্ষমতা ও নেতৃত্বের জন্য গর্বিত হওয়া উচিত।” এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন স্ট্রং লেডি হিসেবে উল্লেখ করেছেন ভারতের রাষ্ট্রপতি। একইসঙ্গে মিয়ানমার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত।
পররাষ্ট্রমন্ত্রীর তিন দিনের এ সরকারি সফরের সমাপ্তি দিনে ভারতের ১৫তম রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতটি ছিল আন্তরিকতাপূর্ণ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “তাকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন এবং এমন একজন স্ট্রং লেডি, যিনি পরপর চারবার এবং পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেজন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। নারী ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন, সেটির সঙ্গে সহমত পোষণ করেছেন ভারতের রাষ্ট্রপতি।”
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে উষ্ণ সম্পর্ক সেটি ভবিষ্যতে আরও উষ্ণতর হবে। শক্তিশালী বাংলাদেশ ভারতের জন্য ভালো বলেও মন্তব্য করেছেন দেশটির নেতারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে