Views Bangladesh Logo

নবনির্বাচিত সরকারের শপথে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার প্রতিনিধিরা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার ৬টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই অনুষ্ঠানে অংশ নেবেন। পাকিস্তানের পক্ষ থেকে আসছেন দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।

এ ছাড়াও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসার।

তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিলের পরিবর্তে শেষ মুহূর্তে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাশাপাশি পশ্চিমা বিশ্বের দেশগুলো থেকেও প্রতিনিধিরা আসছেন। যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

গত শনিবার চীন, ভারত ও পাকিস্তানসহ মোট ১৩টি দেশের সরকারপ্রধানকে এই শপথ অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আর মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ