বিশ্বকাপে খেলে যাওয়া দক্ষিণ আফ্রিকান ফুটবলারের মৃত্যু
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার মাত্র দুই সপ্তাহ পরই না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় দলের মিডফিল্ডার জেডেন অ্যাডামস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।
শনিবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয় অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মাঠে নেমেছিলেন অ্যাডামস। মেক্সিকো ও চেকিয়ার বিপক্ষে প্রথম একাদশে খেলেন তিনি। আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন। ওই ম্যাচে ১-০ গোলের জয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা।
শেষ বত্রিশে সহ-আয়োজক কানাডার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি।
দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে কেপ টাউনের উপশহর স্কচক্লুফ এলাকার একটি বাড়ি থেকে অ্যাডামসের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ক্লাব ফুটবলে অ্যাডামস খেলতেন দক্ষিণ আফ্রিকার শীর্ষ ক্লাব মামেলোডি সানডাউন্সে। ২০২৫-২৬ মৌসুমে দলটির আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
২০২২ সালে মোজাম্বিকের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় অ্যাডামসের। দক্ষিণ আফ্রিকার জার্সিতে তিনি ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং দুটি গোল করেছেন। এর মধ্যে দুটি ম্যাচ ছিল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে।
মতামত দিন