শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দুটি চার দিনের ম্যাচের জন্য দেওয়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলে আছেন টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন ছয়জন—জেরল্ড কুটসিয়া, সেনুরান মুথুসামি, শেপো মোরেকি, জুবাইর হামজা, লেসেগো সেনোকওয়ানে ও কোডি ইউসুফ। এ ছাড়া আছেন দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা টপ অর্ডার ব্যাটসম্যান সিনেথেম্বা কেশিলে।
আগামী ১৬ অগাস্ট পচেফস্ট্রুমে শুরু হবে ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয়টি বেনোনিতে শুরু হবে ২৩ অগাস্ট থেকে।
সবশেষ গত মে মাসে ইংল্যান্ডের দ্বিতীয় সেরা দল লায়ন্সের বিপক্ষে ‘এ’ দলের হয়ে খেলেছেন কুটসিয়া, হামজা, সেনোকওয়ানে ও ইউসুফ। একই প্রতিপক্ষের বিপক্ষে জুনে খেলেছেন কেশিলে।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলেও আছেন কুটসিয়া, হামজা, কেশিলে ও ইউসুফ। দুই সিরিজেই স্বাগতিক দলকে নেতৃত্ব দেবেন মার্কেস আকারম্যান। এই সিরিজের সূচি এখনও দেওয়া হয়নি।
মতামত দিন