পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সৌরভ গাঙ্গুলী
বিনিয়োগ ও কর্মসংস্থানকে মূল লক্ষ্য রেখে মঙ্গলবার (২১ নভেম্বর) শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। কলকাতার রাজারহাট নিউ টাউন বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের সম্মেলনে আমন্ত্রিত অন্যতম অতিথি ছিলেন রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানি। এ ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী।
বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী।
অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সামনে বক্তব্যের শেষ মুহূর্তে মমতা আচমকাই ঘোষণা দিয়ে বলেন, আপনারা সবাই জানেন যে সৌরভ গাঙ্গুলী একজন জনপ্রিয় মানুষ। নতুন প্রজন্মের জন্য তিনি ভালোভাবে কাজ করছেন। আমি তাকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেখতে চাই।
এরপর তিনি সৌরভ গাঙ্গুলীকে কাছে ডেকে নেন। সে সময় এই সম্পর্কিত একটি প্রস্তাবপত্র তার হাতে তুলে দেন মমতা। সৌরভও হাসিমুখে সেই প্রস্তাবপত্র গ্রহণ করেন।
পরে সৌরভকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সব সময় সদর্থক, গঠনমূলক ও শক্তিশালী থাকতে হবে। আমাদের ভাগ্যের ওপর নির্ভর করে থাকলে হবে না। আমাদের ইচ্ছাশক্তির ওপর নির্ভর করতে হবে। তবে বলিউড বাদশা শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে সরিয়ে সৌরভকে সেই জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে কি না, তা এখনো সরকারিভাবে জানা যায়নি।
ভারতের সফলতম ক্রিকেট অধিনায়কদের মধ্যে সৌরভ গাঙ্গুলী অন্যতম। সাধারণ মানুষের কাছে তিনি 'দাদা' নামেই বেশি জনপ্রিয়। মূলত তার অধিনায়কত্বের সময় থেকেই ভারতীয় ক্রিকেট টিমের মধ্যে একটা হার না মানা মনোভাব তৈরি হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে