Views Bangladesh Logo

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা আন্দোলনের মধ্যে আজও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা।

বুধবার (৪ নভেম্বর) সকালে মহানগরীর বোর্ডবাজার এলাকার বড়বাড়ীতে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা বড়বাড়ীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের সরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গেলে শ্রমিকেরা ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে মুহূর্তেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে বিক্ষোভকারীদের একটি অংশ বাসন থানার দিকে এগিয়ে যান। অভিযোগ উঠেছে, তাঁরা থানার ভেতরে ইটপাটকেল ছুড়েছেন এবং লাঠিসোঁটা নিয়ে ঢোকার চেষ্টা করেছেন। তখন পুলিশ আবারও কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের অন্যান্য এলাকায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। বড়বাড়ীর ঘটনাকে তিনি বিচ্ছিন্ন উল্লেখ করে জানান, সেখানে পর্যাপ্ত বাহিনী মোতায়েন রয়েছে।

গত রোববার থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এর মধ্যে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বারবার অবরোধ হয়েছে। মঙ্গলবার বিকেলে কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টাকে কেন্দ্র করেও সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে গাজীপুরে বিজিবি ও এসআরবি মোতায়েন করা হয়েছে। অস্থিরতার কারণে বেশ কিছু কারখানায় ছুটিও ঘোষণা করা হয়েছে।

আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছেন, বর্তমান মজুরিতে জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা না করা পর্যন্ত আন্দোলন চলবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ