৫২ বলে ডাবল সেঞ্চুরি, ১৫ বছরের বৈভব সূর্যবংশীর বিশ্বরেকর্ড
২৮ বলে সেঞ্চুরি করেই থামেননি বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন এই ভারতীয় ব্যাটার। মঙ্গলবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫২ বলে ২০০ রান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব।
ইনিংসের প্রথম ১০০ রান করতে তার লাগে মাত্র ২৮ বল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙেন এক বলের ব্যবধানে।
এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন বাঁহাতি এই ব্যাটার। পরের ১০০ রান করতে তাঁর লাগে মাত্র ২৪ বল। অর্থাৎ ৫২ বলেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন বৈভব। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল চ্যাড বোয়েসের। তিনি ১০৩ বলে ২০০ রান করেছিলেন।
একই সঙ্গে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটি, সেঞ্চুরি, ১৫০ ও ডাবল সেঞ্চুরির রেকর্ড এখন বৈভবের দখলে।
শুধু রানের গতিতেই নয়, ছক্কার ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছেন তিনি। ৫৩ বলের ইনিংসে মেরেছেন ২৮টি ছক্কা, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ২৩টি ছক্কা মেরে রেকর্ডটি গড়েছিলেন অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্ট।
বৈভবের ২০৪ রানের ইনিংসে ভর করে ২৫০ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ১৪.২ ওভারেই পেরিয়ে যায় ভারত ‘এ’।
১৬ ইনিংসে এটি বৈভবের দ্বিতীয় লিস্ট ‘এ’ সেঞ্চুরি।
মতামত দিন