পিতাকে দেখাতে কারাফটকে আনা হলো সন্তানের মরদেহ
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে শেষবারের মতো সন্তানের মরদেহ দেখার সুযোগ পেয়েছেন এক দণ্ডপ্রাপ্ত পিতা।
চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা দুলাল বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তার ছেলে আব্দুল্লাহ গত শনিবার (২ এপ্রিল) সড়ক দুর্ঘটনায় মারা যান। হঠাৎ এই মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের আবহ। আর কারাগারে থাকা বাবা দুলালও ভেঙে পড়েন শোকে।
পরিবারের পক্ষ থেকে শেষবারের মতো সন্তানের মুখ দেখার অনুমতি চাওয়া হলে বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হয়। কারা মহাপরিদর্শকের নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নেয় কারা কর্তৃপক্ষ। পরে সিনিয়র জেল সুপার আল মামুনের তত্ত্বাবধানে কারাগারের প্রধান ফটকে আনা হয় মরদেহ।
নিরাপত্তা বিধি মেনে সেখানে বন্দি দুলালকে সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়। সেই মুহূর্তে কারাফটকে নেমে আসে আবেগঘন পরিবেশ। ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন দুলাল। উপস্থিত কারারক্ষী ও স্বজনরাও দৃশ্যটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
কারা কর্তৃপক্ষ জানায়, আইন ও নিরাপত্তা বজায় রেখেই মানবিক দিক বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, বন্দিরাও পরিবার ও আবেগের বাইরে নন—এই ঘটনাই সেটির বাস্তব উদাহরণ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে