শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ জামাতার
গাজীপুরের কালীগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। হত্যাকাণ্ডের একদিন পর শনিবার (২৯ আগস্ট) সকালে কালীগঞ্জ থানায় গিয়ে দায় স্বীকার করেন মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫)।
নিহত মাজিদ মড়ল (৭০) কলা ব্যবসা করতেন। পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কলা নিয়ে জামালপুর বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে তাকে কুড়াল দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্বজনদের ভাষ্য, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। প্রায় ১৫ দিন আগে মোজাম্মেলের স্ত্রী শাহানা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন। অভিযোগ রয়েছে, সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করে বের করে দেওয়া হয়েছিল।
পরিবারের সদস্যদের অভিযোগ, মোজাম্মেল মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে শাহানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। মেয়েকে নিয়ে এই পারিবারিক বিরোধের জেরেই মাজিদের সঙ্গে তার জামাতার বিরোধ তৈরি হয়েছিল বলে স্বজনেরা জানিয়েছেন।
হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতেই মাজিদের ছেলে লিটন মড়ল বাদী হয়ে মোজাম্মেলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এরপর তাকে গ্রেপ্তারে রাতভর অভিযান চালায় পুলিশ।
তবে অভিযান চলার মধ্যেই শনিবার সকালে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন মোজাম্মেল। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণের পর মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরে তাকে আদালতে হাজির করা হবে।
মতামত দিন