নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে শাশুড়িকে কুঠারের আঘাতে হত্যা, জামাই আটক
নেত্রকোনার দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে শাশুড়িকে কুঠার দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত শাহেদ বিশ্বাস ওরফে রফিকুল ইসলামকে আটক করে পুলিশের কাছে তুলে দেন।
নিহত সাহারা খাতুনের বয়স ৫৮ বছর। তিনি ফুলপুর গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী। আর আটক শাহেদ বিশ্বাস উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কনুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় এক যুগ আগে পারিবারিকভাবে শাহেদের সঙ্গে সাহারা খাতুনের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস শুরু করেন শাহেদ। একপর্যায়ে তাঁর শ্বশুর আব্দুল মোতালেব প্রায় ২০০ শতক কৃষিজমি জামাইয়ের নামে রেজিস্ট্রি করে দেন।
কয়েক বছর আগে শাহেদের প্রথম স্ত্রী মারা যান। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করলেও প্রথম শ্বশুরবাড়িতেই থেকে যান। এদিকে ওই জমির দখল বুঝিয়ে দেওয়া নিয়ে শাহেদের সঙ্গে শ্বশুর-শাশুড়ির বিরোধ শুরু হয়। বিষয়টি মীমাংসায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়। সর্বশেষ চলতি মৌসুমে শাহেদকে জমিটি চাষাবাদের জন্য দেওয়ার বিষয়ে সমঝোতা হয়।
এরপরও জমি নিয়ে বিরোধের অবসান হয়নি। শনিবার রাত ৮টার দিকে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহেদ তাঁর শাশুড়ি সাহারা খাতুনের মাথায় কুঠার দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা শাহেদকে আটক করে রাখেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং সাহারা খাতুনের মরদেহ উদ্ধার করে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন