জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জামাইয়ের কুড়ালের কোপে মজিদ মড়ল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর জামালপুর এলাকায় নিজের দোকানে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার জামাই মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে।
নিহত মজিদ মড়ল জামালপুর মধ্যপাড়ার মৃত আলতু মড়লের ছেলে। তিনি পেশায় কলার ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মোজাম্মেল হোসেন একটি ট্রলি ব্যাগ নিয়ে মজিদের দোকানে যান। নিহতের মেয়ে শাহানাজ বেগমের অভিযোগ, ব্যাগ থেকে কুড়াল বের করে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন মোজাম্মেল। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং ট্রলি ব্যাগটি সেখানে ফেলে রেখে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মজিদ মড়লকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ জিয়াউর রহমান সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, মোজাম্মেলের সঙ্গে তার স্ত্রী শাহানাজের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তার বিরুদ্ধে মাদক সেবন ও স্ত্রীকে মারধরের অভিযোগও রয়েছে। এ কারণে শাহানাজ প্রায়ই স্বামীর বাড়ি ছেড়ে বাবার কাছে এসে থাকতেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
মতামত দিন