জামাতার বিরুদ্ধে শাশুড়ির শরীরে পেট্রল দিয়ে আগুন দেয়ার অভিযোগ
দিনাজপুরের বিরামপুরে শাশুড়ির গায়ে পেট্রল দিয়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে জামাতা মেহেদুল ইসলামের বিরুদ্ধে। পরে মূমুর্ষ অবস্থায় অগ্নিদগ্ধ শাশুড়িকে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২ এপ্রিল) পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের পুবপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
বিরামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত উপজেলা হাবিবপুর এলাকার আজিবর রহমানের ছেলে।
জানা গেছে, বিরামপুরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সঙ্গে মেহেদুলের ১০ বছর আগে বিয়ে হয়। মেহেদুল তার স্ত্রীর এক ভাইয়ের অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি সেই অটোরিকশা ভেঙে যাওয়ায় সেটা শ্বশুর বাড়িতে দিয়ে যান। অটোরিকশার মালিক মেরামত করে অন্য চালকের নিকট ভাড়া দিলে তিনি শ্বশুর বাড়ির লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি শাশুড়িকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এতে শাশুড়ি বুলী বেগমের শরীর ঝলসে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাকে উন্নত চিকিৎসার জন্য রমেকে রেফার্ড করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর আঙ্গুরী বেগম জানান, আগুনে বুলী বেগমের মাথা ও মুখমণ্ডল ব্যতিত সর্ব শরীর ঝলসে গেছে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, দগ্ধ বুলী বেগম রংপুরে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আসামিকে আটকের জন্য অভিযান চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে