Views Bangladesh Logo

ক্যারিয়ার নিয়ে বদলে যাওয়া ভাবনার কথা জানালেন সোনাক্ষী সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ক্যারিয়ারে এসেছে বড় পরিবর্তন। একসময় বাণিজ্যিক সিনেমায় নিয়মিত অভিনয় করলেও এখন আর কাজের সংখ্যা বাড়ানোর দিকে নজর নেই তাঁর। বরং অভিনয়শিল্পী হিসেবে যে চরিত্র তাঁকে তৃপ্তি দেয়, সেসব কাজই বেছে নিতে চান তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে অন্যকে খুশি করার জন্য নয়, বরং নিজের ভালো লাগার জায়গা থেকেই কাজ করেন।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি এখন এমন একটি জায়গায় আছি, যেখানে শুধু নিজের জন্যই কাজ করি। যে কাজ আমাকে আনন্দ দেয়, সেটাই করি। এর বাইরে আমার জীবনও পরিপূর্ণ। যদি আমার পছন্দের কাজ না-ও আসে, তাতেও আমি আমার নিজের ছোট্ট দুনিয়াতেই খুব সুখে আছি।’

সোনাক্ষীর মতে, এই মানসিক পরিবর্তন রাতারাতি আসেনি। ক্যারিয়ারের শুরুতে নানা কারণে এমন অনেক ছবিতে অভিনয় করেছেন, যেগুলো হয়তো পুরোপুরি তাঁর নিজের পছন্দের ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করেছেন, একজন শিল্পীর জন্য আত্মতৃপ্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘এটা শতভাগ সচেতন সিদ্ধান্ত। প্রতিটি নতুন কাজের সঙ্গে আমি আরও বেশি সন্তুষ্ট হচ্ছি। ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্র করেছি। কোনো কিছু নিয়েই আমার আফসোস নেই। কিন্তু এখন আমি শুধু সেই কাজই করতে চাই, যা আমাকে সত্যিকারের আনন্দ দেয়।’

গত কয়েক বছরে অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন সোনাক্ষী। ওয়েব সিরিজ ‘দাহাড়’-এ একজন পুলিশ কর্মকর্তার চরিত্র, ‘হীরামান্ডি’-তে এক তবায়েফ এবং সম্প্রতি পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারির নতুন ছবি ‘সিস্টেম’-এ একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

নতুন ছবি ‘সিস্টেম’ নিয়েও দারুণ আশাবাদী এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘আমরা এমন একটি কাজ করেছি, যা নিয়ে গর্ব করা যায়। অশ্বিনী, জ্যোতিকা ও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ছিল।’

ছবিটির প্রচারণার সময় পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি সোনাক্ষীকে ভারতের ‘মেরিল স্ট্রিপ’ ও ‘কেট উইন্সলেট’ বলে প্রশংসা করেন। এমন তুলনা শুনে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি তাকে ফোন করে বলেছিলাম, তুমি তো আমার ওপর অনেক চাপ বাড়িয়ে দিলে! তবে এমন দুই অসাধারণ অভিনেত্রীর সঙ্গে তুলনা করা হলে সত্যিই ভালো লাগে।’

অভিনয়ের পাশাপাশি বদল এসেছে তাঁর ব্যক্তিগত জীবনধারা ও ফ্যাশন সচেতনতাতেও। একসময় কালো রঙের পোশাকই ছিল তাঁর সবচেয়ে প্রিয়। তবে এখন গ্রীষ্মের তীব্র গরমে সুতির, ঢিলেঢালা এবং সাদা, নীলসহ হালকা রঙের পোশাক পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

সম্প্রতি ওটিটি ও নারীপ্রধান গল্পভিত্তিক চরিত্রে ধারাবাহিক সাফল্যের পর সোনাক্ষী সিনহা বলিউডে নিজের অভিনয়-যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। আর অভিনেত্রীর নিজের কথাতেই স্পষ্ট, এখন তাঁর কাছে জনপ্রিয়তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং একজন শিল্পী হিসেবে আত্মতৃপ্তি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ