শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত
নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও আরেক ছেলে আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাছেদ ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার ছেলে শাকিল চৌধুরী (৩৫) নির্মাণশ্রমিক। ঘটনার পর তিনি বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে বাবা ও ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে হঠাৎ চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা সেখানে ছুটে যান। তারা গিয়ে দেখেন, শাকিল তার বাবাকে ছুরিকাঘাত করছেন।
এ সময় পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে শাকিল তার মা সখিনা বেগম ও ভাই নুরুন্নবী রাশেদকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। গুরুতর আহত আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আব্দুল বাছেদের সঙ্গে শাকিলের কোনো পারিবারিক বিরোধ ছিল না। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত সখিনা বেগম ও নুরুন্নবী রাশেদ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
মতামত দিন