মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সালমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত বাবা কামাল মিয়া (৪৫) রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার ভুইগড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে বাংলাদেশ পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে সবজি বিক্রি করতেন। কয়েকদিন ধরে সালমান একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বাবার কাছে দাবি জানিয়ে আসছিলেন। তবে আর্থিক সংকটের কারণে কামাল মিয়া সেটি কিনে দিতে পারেননি। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে তর্ক-বিতর্কের একপর্যায়ে সালমান ঘরে থাকা বটি দিয়ে বাবার ওপর হামলা চালান। গুরুতর আহত কামাল মিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
পুলিশ জানায়, অভিযানের মাধ্যমে সালমানকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত বটিটিও উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত সালমান মাদকাসক্ত। মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে