Views Bangladesh Logo

শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারবিরোধী কিছু মহল পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া সবাই পরীক্ষার্থী নন; তাদের মধ্যে কিছু ব্যক্তি ভিন্ন উদ্দেশ্যে যুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায়—এমন কিছু মহল আছে। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেকেই আসলে পরীক্ষার্থী নয়। তবে তাদের সংখ্যা খুব বেশি নয় এবং সরকার তাদের তেমন গুরুত্ব দিচ্ছে না।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত সরকার তাদের নিজস্ব আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনা করবে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও সরকার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনতে চায়। যেহেতু তিনি সাজাপ্রাপ্ত, তাই দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। আত্মসমর্পণের সুযোগ আছে কি না, সে বিষয়ে আইন বিশেষজ্ঞরা মত দেবেন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন তথ্যের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলোর অনেকই ‘ডিসইনফরমেশন’ বা বিভ্রান্তিকর তথ্য। তার ভাষায়, প্রকৃত তথ্য, ছবি ও ভিডিও সরকারের কাছে রয়েছে এবং সামাজিক মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।

এ ছাড়া বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ