Views Bangladesh Logo

কিছু রাজনৈতিক দল শুধু ক্ষমতা চায়: নাহিদ ইসলাম

 VB  Desk

ভিবি ডেস্ক

কোনো কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চাইছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। দেশের সংস্কারের জন্য যদি কেউ না থাকে আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলাম আমাদের আহ্বানে আপনারা যারা নেমে ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড়-বৃষ্টি যা কিছু হোক না কেন আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে।

রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় শহীদ মিনার প্রাঙ্গণে মুষলধারায় বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ১৩তম দিনের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, কেউ যদি সংস্কারের জন্য দাঁড়াতে না চায়, তাহলে আমরা যারা জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিলাম, যারা শহীদ হয়েছি — আমাদের দায়িত্ব রয়েছে রাজপথে থাকা। ঝড়-বৃষ্টি, যা-ই হোক, রাজপথের এই লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজদের অত্যাচারে মানুষ আজ অতিষ্ঠ। ঢাকায় পাথর ছুড়ে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাই। জুলাই বিপ্লবের চেতনা নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রতিটি জেলায় যাব।

এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১৬ বছর ধরে টিকে থাকা স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার শাসনের পতন ঘটেছিল।

তিনি অভিযোগ করেন, বিগত সরকার এমন কোনো অপকর্ম রাখেনি, যা করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ ও সন্ত্রাস — কোনো নিষ্ঠুরতা বাদ রাখেনি। টানা তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এসব নির্যাতন-অবিচারের বিরুদ্ধে দেশের মানুষ বাধ্য হয়ে রাজপথে নেমেছিল।

নাহিদ বলেন, শুধু সরকার নয়, রাষ্ট্রযন্ত্রের সব বাহিনী, বিশেষ করে পুলিশ প্রশাসন জুলুম চালিয়েছে। এই দমন-পীড়নের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম। আমরা বলেছিলাম, রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আমরা পুরোনো দুর্নীতির শাসনব্যবস্থায় ফিরতে চাই না। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়াই ছিল আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। এখন এই গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারকে সহযোগিতা করা এবং দেশ পুনর্গঠনে সক্রিয় থাকা আমাদের দায়িত্ব।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, মোহাম্মদ আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ পিরোজপুরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পথসভা শুরুর আগে নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ