Views Bangladesh Logo

কিছু দল জুলাই সনদে সই করলেই জাতীয় ঐক্য হয় না: নাহিদ ইসলাম

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে সই করলেই তা জাতীয় ঐক্য নয়। তিনি মনে করেন, প্রকৃত জাতীয় ঐক্য গড়ে উঠতে হলে শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেনে এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আর শ্রমিক শক্তি রাজপথে নেমে বাস্তব সমস্যা তুলে ধরছে। কলকারখানায় আগুন লাগছে, সেখানে শ্রমিকের জীবনের মূল্য নির্ধারণ করা হচ্ছে মাত্র ২ থেকে ৩ লাখ টাকা।”

তিনি আরও বলেন, “জাতীয় ঐক্য মানে হলো—শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দেশের কল্যাণে কাজ করা। কিন্তু বর্তমান সংস্কার কমিশনে শ্রমিক বা স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই, শুধু নির্বাচন নিয়েই আলোচনা হচ্ছে। সেখানে গণতন্ত্রের কোনো ইতিবাচক লক্ষণ নেই।”

শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে শ্রমিকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বলে দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “ন্যায্য মজুরির দাবিতে চব্বিশের শুরুর দিকে শ্রমিকেরা আন্দোলনে নেমেছিলেন, পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন অনেকে। অথচ সেই শ্রমিকদের বর্তমান ঐক্য প্রক্রিয়ায় রাখা হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, “ফ্যাসিবাদী শাসনামলে যারা মাফিয়া হিসেবে শ্রমিকদের শোষণ করেছে, তাদের আইনের আওতায় আনা হয়নি; বরং তাদের ব্যবসা সুরক্ষা দেয়া হচ্ছে। শ্রমিক শক্তি সেই শোষণের বিরুদ্ধে দাঁড়াবে।”

জাতীয় ঐক্যের ধারণা ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, “সত্যিকারের জাতীয় ঐক্য তখনই সম্ভব, যখন সর্বস্তরের মানুষ এক হয়ে দেশের জন্য লড়াই করে—যেমনটা দেখা গেছে জুলাই গণ–অভ্যুত্থানে। সেখানে কোনো রাজনৈতিক দলের ব্যানার ছিল না, ছিল কেবল ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের ঐক্য। এনসিপি সেই গণঐক্য পুনর্গঠনের লক্ষ্যেই কাজ করছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ