Views Bangladesh Logo

কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি না দিলে কিছু দল নির্বাচনে না যাওয়ার পণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এগুলোকে (পিআর পদ্ধতি) প্রমোট করছে। শুধু প্রমোট নয়, পণ করে বসে আছে—এটা না হলে নির্বাচনে যাবে না।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিউল বারী স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের মানুষ পিআর বোঝে না উল্লেখ করে তিনি বলেন, বেশ কিছু বিষয়ে সবাই একমত হচ্ছে—এটা ভালো দিক; কিন্তু সমস্যাটা তৈরি হয়, যখন নতুন নতুন চিন্তা সামনে আসে। এই চিন্তাগুলো দেশ ও জাতির কাছে পরিচিত নয়। পিআর পদ্ধতি আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে, ‘পিআর কী জিনিস ভাই?’ তারা এখনো ইভিএমে ঠিকভাবে ভোট দিতে পারে না, তাই ভোটই দেয় না। তারা পিআর বুঝবে কী করে? এই চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই পদ্ধতিতেই ভোটের ব্যবস্থা করুন। তাদের প্রতিনিধিত্বের সুযোগ দিন। তাহলে সমস্যাগুলোর সমাধান হবে—না হলে হবে না। বাইরে থেকে এসে কাউকে দিয়ে নতুন চিন্তা ঢুকিয়ে দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, জাতীয় সনদ ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখ নির্ধারণ করেছেন, সেই সময়েই নির্বাচন দিন। মানুষকে তার অধিকার ফিরিয়ে দিন—ভোটের অধিকার ফিরিয়ে দিন।

শিশু একাডেমির ভবন না সরানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, খুব কষ্ট পাই, যখন শুনি বা পত্রপত্রিকায় দেখি—শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমির বর্তমান ভবন ভেঙে সরিয়ে ফেলা হবে। আমি আগেও বিবৃতি দিয়েছি, আজ আবার অনুরোধ করছি—এটা যারই জায়গা হোক না কেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকলের মতামত নিয়েই শিশুদের বিকাশের জন্য এটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে সারা দেশের শিশুরা আসে। এটা যেন ভাঙা না হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনসহ স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ