অপ্রতিম হত্যার কিছু ক্লু মিলেছে: পুলিশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় কিছু ক্লু পাওয়া গেছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেন, অপ্রতিম হত্যার ঘটনায় কিছু ক্লু পাওয়া গেছে। সেগুলো নিয়ে পুলিশ কাজ করছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি।
১৩ বছর বয়সী অপ্রতিম কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সে। এরপর আর বাসায় ফেরেনি।
সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন।
শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে পাহাড়ের পাদদেশ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
অপ্রতিমের সঙ্গে থাকা তার মায়ের আইফোনটিও এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ কারণে ফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে হত্যার কারণ বা ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়।
পুলিশ জানিয়েছে, হেফাজতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
মতামত দিন