Views Bangladesh Logo

রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় সেনাসদস্য তাসনিম রিফাতের দাফন

চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ জোহর রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে পূর্ণ সামরিক ও সামাজিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সড়কপথে মরদেহ তার জন্মস্থান বিন্দারামপুর গ্রামে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীদের মধ্যে শোকের পরিবেশ নেমে আসে।

বাদ জোহর পরিবার ও স্থানীয়দের অংশগ্রহণে রিফাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাটি ঘটে। অনুশীলনের সময় ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য সৈনিক তাসনিম রিফাতসহ দুই সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন।

তাসনিম রিফাতের বয়স হয়েছিল ২৮ বছর। তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মাকে হারিয়েছিলেন তিনি। এবার ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা আসাদুল ইসলাম। মৃত্যুকালে রিফাত স্ত্রী ও প্রায় আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ