মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ফেনীতে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ
ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নে মাটি ব্যবসা কেন্দ্রিক বিরোধের জেরে এক ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে উত্তর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত দুটি বসতঘরের মালিক মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি ফেনী আলিয়া কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি এবং শর্শদি ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাটির ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
বৃহস্পতিবার রাতে একটি ইটভাটার জন্য মাটি পরিবহনের সময় কয়েকটি গাড়ি আটকে দেওয়াকে কেন্দ্র করে বিরোধ তীব্র হয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাইফুদ্দিনের অভিযোগ, ওই ঘটনার পর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। শুক্রবার জুমার পর প্রতিপক্ষের লোকজন তার বড় ভাইকে মারধর করে হাত ভেঙে দেয় এবং তার দুই কর্মীকে অপহরণ করে পাশের দেবীপুর এলাকার একটি ক্লাবে আটকে রাখে। পরে রাতে তার বাড়িতে হামলা চালিয়ে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার সময় তার মা ও বোনকে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল বলেও তিনি দাবি করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের একজন মীর মোশাররফ হোসেন দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন; বরং খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। একইভাবে নাসির উদ্দিনও নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, আগুনে বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
শর্শদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক ইকবাল বলেন, ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
ফেনী থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, প্রাথমিকভাবে এটি দলীয় অভ্যন্তরীণ বিরোধের ফল বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে