বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন হাবিবুর রহমান সোহান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে তিন অঙ্কের রান স্পর্শ করে তিনি নিজের আগের রেকর্ডই ভেঙে দেন।
এর আগে ২০২৩ সালের বিসিএলে ৪৯ বলে সেঞ্চুরি করে দ্রুততম শতকের মালিক ছিলেন এই সোহানই। চলতি ডিপিএলে মোসাদ্দেক হোসেন সৈকতও ৪৯ বলে সেঞ্চুরি করে তার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। তবে এবার নতুন ইনিংসে আবারও এককভাবে শীর্ষে উঠে এলেন এই ব্যাটার।
ইউল্যাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সোহান। মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর পরের ৫০ রান আসে আরও দ্রুতগতিতে। শেষ পর্যন্ত তিনি ৫৮ বলে ১৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যা তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স।
তার ইনিংসে ছিল ৮টি চার এবং ১৩টি বিশাল ছক্কা, যা পুরো ম্যাচে দর্শকদের জন্য ছিল এক দারুণ বিনোদন। ছক্কার দিক থেকেও নজির গড়েছেন এই ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে ১৩টি ছক্কা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় শীর্ষে আছেন সৌম্য সরকার, যিনি ২০১৯ সালে আবাহনীর হয়ে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন।
বিশ্ব ক্রিকেটের রেকর্ডের সঙ্গে তুলনা করলে অবশ্য এখনো অনেক দূর যেতে হবে। দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলে, আর এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার রেকর্ড ডি’আরসি শর্টের দখলে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে