প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে ফের আইনি জটিলতায় সোহম
টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী আবারও আইনি জটিলতায় পড়েছেন। একটি সিনেমায় বিনিয়োগের অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে কলকাতার চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে ‘মানিকজোড়’ নামে শুরু হওয়া, পরে ‘পাকা দেখা’ নামে মুক্তি পাওয়া একটি সিনেমার জন্য সোহম ব্যবসায়ীর কাছ থেকে ৬৮ লাখ টাকা নেন। সিনেমাটি মুক্তির পর ভালো ব্যবসা করলেও বিনিয়োগের লাভের অংশ বা মূল টাকা ফেরত দেওয়া হয়নি বলে দাবি করেছেন অভিযোগকারী।
শেখ শাহিদ ইমামের অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায় তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে সোহমের সঙ্গে যোগাযোগ করলে অভিনেতা নাকি জানিয়ে দেন, তিনি টাকা ফেরত দিতে পারবেন না। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে, সে সময় বিধায়ক থাকার কারণে সোহম রাজনৈতিক প্রভাব খাটানোরও চেষ্টা করেছিলেন। এছাড়া, সিনেমার স্যাটেলাইট স্বত্ব বিক্রি হলেও সেই আয় থেকে তাকে কোনো অংশ দেওয়া হয়নি বলেও দাবি করেন ব্যবসায়ী।
এটি সোহমের বিরুদ্ধে প্রথম প্রতারণার অভিযোগ নয়। চলতি বছরের জুনেও ব্যবসায়ী কৌশিক কর্মকার অভিযোগ করেছিলেন, ‘সোহম এন্টারটেইনমেন্ট’-এর একটি চলচ্চিত্রে বিনিয়োগের জন্য তিনি ১ কোটি ৫ লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু সিনেমাটি নির্মাণ না করেই সেই অর্থ ফেরত না দিয়ে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
তবে সর্বশেষ অভিযোগের বিষয়ে সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মতামত দিন