চাঁদাবাজি নয়, সোহাগ খুন হয়েছেন ব্যবসায়িক দ্বন্দ্বে: পুলিশ
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, চাঁদাবাজি নয় — একটি দোকানে কারা ব্যবসা করবে, তা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত সোহাগ ও অভিযুক্তদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল বলেও জানানো হয়।
শনিবার (১২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিসি জসীম উদ্দিন বলেন, ভাঙারি ব্যবসা এবং দোকানে কারা ব্যবসা করবে — এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহত সোহাগ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা পূর্বে একসঙ্গে ব্যবসা করতেন। ব্যবসায়িক লেনদেন নিয়ে মতবিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান, বুধবার (১০ জুলাই) বিকেল ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল সন্ত্রাসী ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, ১১ জুলাই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করা হয়। এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এছাড়া র্যাব অভিযান চালিয়ে আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে। পরদিন শুক্রবার রাতে কোতোয়ালি থানা পুলিশ মো. টিটন গাজী (৩২) নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে।
লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, সম্পৃক্ত সব অপরাধীকে গ্রেপ্তার এবং সোহাগ কেন এই হত্যাকাণ্ডের শিকার হলেন তা খুঁজে বের করতে একটি চৌকস তদন্ত টিম কাজ করছে। পাশাপাশি বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে