Views Bangladesh Logo

সোহাগ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) সকালে রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন— রাজিব ও সজিব। দুজনই এ মামলার এজাহারভুক্ত আসামি। এ নিয়ে সোহাগ হত্যা মামলায় মোট ৭ জন গ্রেপ্তার হলো।

এর আগে গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি হলেন— তিতন গাজী, মাহমুদুল হাসান মোহিন (৪১), তারিক রহমান রবিন (২২), আলমগীর হোসেন (২৮) এবং মনির হোসেন ওরফে ছোট মনির (২৫)।

এর মধ্যে র‍্যাব-১০ সদস্যরা গত শুক্রবার কেরানীগঞ্জ থেকে মনির ও আলমগীরকে গ্রেপ্তার করে। আর মোহিন ও রবিনকে এর আগে পুলিশ গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। সোহাগকে কুপিয়ে, পাথর ছুড়ে এবং মৃতদেহের ওপর লাফিয়ে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন ১০ জুলাই নিহত সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও চারজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন— মিটফোর্ড হাসপাতালের আউটসোর্সিং কর্মী মো. মনির, অ্যাম্বুলেন্স চালক নান্নু, বহিষ্কৃত চকবাজার থানা ছাত্রদল নেতা অপু দাস এবং সাবেক যুবদল সদস্য সরোয়ার হোসেন টিটু।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ইতোমধ্যে পাঁচজনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ