ওপেনএআইয়ে বিনিয়োগের অর্থ জোগাড়ে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ে বড় অঙ্কের বিনিয়োগের অর্থ জোগাড় করতে প্রায় ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ার পরিকল্পনা করেছে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংক। পরিকল্পনা অনুযায়ী, ১০ বিলিয়ন ডলারের বন্ড মার্কিন মুদ্রায় এবং আরও ১ বিলিয়ন ইউরোর বন্ড ইউরোপীয় মুদ্রায় ইস্যু করা হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত একটি টার্ম শিটের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, ডলারভিত্তিক বন্ডগুলোর মেয়াদ সাড়ে তিন বছর, সাড়ে পাঁচ বছর ও সাড়ে সাত বছর হতে পারে। আর ইউরোতে ইস্যু করা বন্ডের মেয়াদ নির্ধারণ করা হয়েছে চার ও ছয় বছর।
পরিকল্পনা অনুযায়ী পুরো বন্ড বিক্রি সম্পন্ন হলে এশিয়া-প্যাসিফিক ও জাপানের অ-আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটিই হবে সবচেয়ে বড় করপোরেট বন্ড বিক্রি। এলএসইজি ডেটা অনুযায়ী, এর আগে ২০২১ সালের জানুয়ারিতে ১০ দশমিক ৯৩ বিলিয়ন ডলারের বন্ড বিক্রি করে এ রেকর্ড গড়েছিল সেভেন-ইলেভেন।
ডিলজিকের তথ্য অনুযায়ী, সফটব্যাংকের প্রস্তাবিত বন্ড বিক্রি চলতি বছর বিশ্বজুড়ে সবচেয়ে বড় করপোরেট বন্ড লেনদেনগুলোর একটি হতে পারে। এ উদ্যোগের মাধ্যমে ওপেনএআইয়ে আরও বড় বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে চাইছে জাপানি প্রতিষ্ঠানটি।
বন্ড বিক্রি থেকে পাওয়া অর্থের বড় অংশ ওপেনএআইয়ে সফটব্যাংকের পরবর্তী ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগে ব্যবহার করা হবে। এই বিনিয়োগের তৃতীয় ধাপের অর্থ পরিশোধ আগামী ১ অক্টোবর সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এর আগে ওপেনএআইয়ে বিনিয়োগের অর্থ জোগাতে ১০ বিলিয়ন ডলারের স্বল্পমেয়াদি ঋণসুবিধা বা ব্রিজ লোন নিয়েছিল সফটব্যাংক। নতুন বন্ড ইস্যু থেকে পাওয়া অর্থ দিয়ে ওই ঋণসুবিধা পরিশোধ করে বাতিল করা হবে বলে টার্ম শিটে উল্লেখ করা হয়েছে। অবশিষ্ট অর্থ প্রতিষ্ঠানটির সাধারণ করপোরেট কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত বন্ডগুলোর মূল্য নির্ধারণ আগামী ২৪ সেপ্টেম্বর এবং লেনদেন নিষ্পত্তি ২৯ সেপ্টেম্বর করার পরিকল্পনা রয়েছে। বন্ডগুলোর জন্য বিবি-প্লাস রেটিং দিয়েছে ফিচ রেটিংস।
মতামত দিন