Views Bangladesh Logo

রবীন্দ্রনাথের সাহিত্য দিয়ে জীবন সাজাতে হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, কবিতা ও দর্শন মানুষের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রবীন্দ্রনাথের সাহিত্যচর্চার মধ্য দিয়েই মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার (৮ মে) সকালে পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি। তার কবিতা ও সাহিত্য দিয়ে জীবন সাজাতে হবে। নাটক, গানসহ সব ক্ষেত্রে তার অবাধ বিচরণ ছিল। ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, পতিসরে অবস্থানকালে রবীন্দ্রনাথ কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করেছিলেন। কৃষকদের দুর্দশা দেখে তিনি কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রচলনে উদ্যোগ নিয়েছিলেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী রয়েছে যারা সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য সংগ্রাম করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষ অধিকার প্রতিষ্ঠা করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আ ন ম বজলুর রশীদ। এছাড়া উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজধানী ও স্থানীয় শিল্পীরা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ