Views Bangladesh Logo

সোশ্যাল মিডিয়ার কারণে রাজনৈতিক সংস্কৃতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে: মির্জা ফখরুল

সোশ্যাল মিডিয়ার কারণে রাজনৈতিক সংস্কৃতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘শে গণতন্ত্র ও সুস্থ রাজনৈতিক চর্চা’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা চলছে। গণতন্ত্র বর্তমানে সংকটের মুখে রয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাজনীতিক মাহবুবুল হকের ৫২তম মৃত্যুবার্ষিকী এবং কৃষক দলের সাবেক সভাপতি মাহবুবুল আলম তারার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু এখন বিভিন্ন মহল থেকে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সুপরিকল্পিত প্রচেষ্টা দেখা যাচ্ছে। চারদিকে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার কারণে রাজনৈতিক সংস্কৃতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে চরিত্রহনন, অপপ্রচার ও অসম্মানজনক প্রচারণা চালিয়ে জনগণের কাছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, রাজনীতিকে ধ্বংস করার জন্য একটি সংগঠিত ষড়যন্ত্র চলছে এবং কিছু গোষ্ঠী এমন ভাষা ও কৌশল ব্যবহার করছে, যা দেশের স্বাভাবিক রাজনৈতিক ধারাকে নষ্ট করছে।

বিএনপির রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি উদার গণতান্ত্রিক দল। বিএনপি বিপ্লবী রাজনীতিতে বিশ্বাস করে না; বরং জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন ও নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চায়।

সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চলছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিতভাবে কটূক্তি ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং দাবি করেন, জনগণ বিএনপি ও বর্তমান সরকারের পাশে রয়েছে।

বক্তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহনশীলতা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ