‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া তথ্য অসত্য: পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে অসত্য, অবান্তর ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়।
পুলিশ জানায়, গত ৭ আগস্ট কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই মসজিদে নামাজ আদায় করেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা খুলে ভেতরে যান। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। এ সময় মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।
বাংলাদেশ পুলিশের দাবি, মন্ত্রীর জুতা বা স্যান্ডেল ওসি বহন করছেন—এমন প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলেও উল্লেখ করা হয়েছে।
এ ধরনের অসত্য প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
মতামত দিন