অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, রেকর্ড জুটি
শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুললেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। চতুর্থ উইকেটে দুজনের ১৯৫ রানের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ নারী দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ব্রিসবেনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২ রানে প্রথম উইকেট হারানোর পর ৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন আরও দুই ব্যাটার। ফারজানা হক ও শারমিন আক্তার—কেউই রানের খাতা খুলতে পারেননি। এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি ও সোবহানা।
শুরুতে সতর্ক ব্যাটিং করলেও উইকেটে থিতু হওয়ার পর ধীরে ধীরে রানের গতি বাড়ান দুজন। সোবহানা ছিলেন আক্রমণাত্মক, অন্য প্রান্তে ইনিংসের ভারসাম্য ধরে রাখেন জ্যোতি। তাঁদের ১৯৫ রানের জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে সর্বোচ্চ। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসেও এটি যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
দুর্দান্ত ব্যাটিংয়ে ১২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সোবহানা। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েন তিনি। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১১৮ রান করে আউট হন এই ব্যাটার। বাংলাদেশের নারী ক্রিকেটে যেকোনো ফরম্যাটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তাঁর ইনিংসে ছিল ১৮টি চার, তবে কোনো ছক্কা ছিল না। মাঠ ছাড়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছ থেকেও অভিনন্দন পান তিনি।
অন্য প্রান্তে অধিনায়ক জ্যোতি খেলেছেন দায়িত্বশীল ইনিংস। ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে সাতটি চার। সোবহানা ফিরে যাওয়ার পর শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। তবু নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রানের লড়াকু সংগ্রহ পায় দলটি। জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য ২২১ রান।
মতামত দিন