Views Bangladesh Logo

বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে

বিজ্ঞাপনচিত্রে চুক্তির কথা বলে ডেকে নিয়ে হত্যাচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী (ইসরাত জাহান)। অভিযোগ আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আশিয়ান গ্রুপ।

থানায় দেওয়া অভিযোগে স্নিগ্ধা চৌধুরী উল্লেখ করেন, গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ইমন নামের এক ব্যক্তি তাঁকে আশিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেন এবং এ জন্য ১৬ লাখ টাকার একটি চুক্তির কথা বলা হয়। ওই দিন রাত ৮টার দিকে মাকে সঙ্গে নিয়ে খিলক্ষেতের ৩০০ ফুট এলাকার আশিয়ান মেডিকেল কলেজের একটি কার্যালয়ে নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে দেখা করতে যান তিনি।

অভিযোগে তিনি দাবি করেন, তাঁর মা বাসায় ফিরে যাওয়ার পর তাঁকে অন্য এক নারী ভেবে মারধর শুরু হয় এবং দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়। তিনি ভুল ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে জানিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও তা বিশ্বাস করা হয়নি। এ সময় তাঁর সঙ্গে থাকা ইমন নামের ওই ব্যক্তি তাঁকে ইশারায় অভিযুক্ত ব্যক্তির কথায় সম্মতি জানাতে বলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে নজরুল ইসলাম ভূঁইয়া একটি শটগান বের করে তাঁকে গুলি করার হুমকি দেন। এরপর তাঁর হাত-পা বেঁধে গলা চেপে ধরা হয় এবং কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। চুল ধরে টেনে মেঝেতে ফেলে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। অভিযোগে আরও বলা হয়েছে, তাঁকে জোর করে কফি খাওয়ানোর চেষ্টা করা হয় এবং তিনি অস্বীকৃতি জানালে তাঁর মুখে গরম কফি ছুড়ে মারা হয়। পরে কাঁচি হাতে নিয়ে তাঁর চেহারা নষ্ট করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, দফায় দফায় মারধরের পর তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য পান করানো হয়। পরে অভিযুক্ত ব্যক্তি অন্য একটি কক্ষে গেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

এসব অভিযোগ অস্বীকার করে আশিয়ান গ্রুপের মহাব্যবস্থাপক (মিডিয়া ও কমিউনিকেশনস) সৈয়দ শফিকুল ইসলাম এক লিখিত বিবৃতিতে জানান, চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’। তাঁর দাবি, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। তাই প্রতিষ্ঠানটি আইন ও বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে আইনি প্রক্রিয়া অনুসরণ করছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটিত হবে বলে তারা বিশ্বাস করে।

আজ সোমবার বিকেলে বনানীর বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্নিগ্ধা চৌধুরী। সেখানে তিনি ঘটনার বর্ণনা দিয়ে নজরুল ইসলাম ভূঁইয়ার বিচার দাবি করেন।

অভিযোগ গ্রহণ কিংবা তদন্তের অগ্রগতি সম্পর্কে খিলক্ষেত থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিযোগে উত্থাপিত ঘটনাগুলো আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো স্বাধীন সূত্রের মাধ্যমে এখনো যাচাই করা সম্ভব হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ